চট্টগ্রামে নবনির্মিত দোহাজারী-কক্সবাজার রেললাইন থেকে ১২-১৪টি হ্যান্ডেল ক্লিপ খুলে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার রাতে সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের রক্ষিতবাড়ি এলাকা থেকে তারা ক্লিপগুলো খুলে নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান সাতকানিয়ার ইউএনওসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই রেললাইন উদ্বোধন করেন।
রেললাইনের রক্ষিতবাড়ি এলাকায় পাহারার দায়িত্বে থাকা আনসার সদস্য মো. ইউসুফ জানান, রাত ১২টার দিকে রেললাইনে শক্ত কিছুর আঘাতের শব্দ পান তিনি। এ সময় ধারালো অস্ত্র ও হাতুড়ি হাতে পাঁচ-ছয়জন লোককে রেললাইনের পূর্ব পাশের বিলের দিকে চলে যেতে দেখেন। এর পর থেকে রেললাইনের একাধিক জায়গায় হ্যান্ডল ক্লিপ ও ক্লিপের নাট-বল্টু নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, সাতকানিয়ার কালিয়াইশের রক্ষিতবাড়ি এলাকায় রেললাইনে ওপর সন্ধ্যার পর মাদকাসক্তদের আড্ডা বসে। এই মাদকাসক্তরা হ্যান্ডল ক্লিপ খুলে নেওয়ার সঙ্গে জড়িত থাকতে পারে।
দোহাজারীর স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, রেললাইনের হ্যান্ডল ক্লিপ ও নাট-বল্টু খুলে নেওয়ার বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তারা হ্যান্ডল ক্লিপ লাগিয়ে দেবেন বলে জানিয়েছেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত জানান, রেললাইনের হ্যান্ডল ক্লিপ খুলে নেওয়ার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এটা নাশকতার চেষ্টা, নাকি মাদকাসক্তরা চুরি করেছে তা বলা যাচ্ছে না। জড়িতদের খুঁজে বের করার জন্য পুলিশ কাজ শুরু করছে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস জানান, রেললাইনের হ্যান্ডল ক্লিপ খুলে নেওয়ার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কয়েকটি হ্যান্ডল ক্লিপ খুলে নেওয়ার সত্যতা পাওয়া গেছে।
